নাটোরে শান্ত নামে এক অটোরিকশা চালককে হত্যা ও ডাকাতি মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। এ মামলার অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, নাটোরের বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫), একই গ্রামের খোদা বক্স মন্ডলের ছেলে মাজেদুল মন্ডল (৩০) ও মকবুল হোসেনের ছেলে মো. রানা (২৪) এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মোস্তফা মন্ডলের ছেলে লিটন ওরফে মিঠুন মন্ডল (২৯)।
মামলায় অপর আসামি রাজশাহীর বাঘা এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে ৬১ বছর বয়সী মো. শওকত আলী মন্ডলকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আসামিদের মধ্যে মো. রানা শুরু থেকেই পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রাজশাহীর বাঘা থানার বেড়ের বাড়ি সরদারপাড়া গ্রামের মো. জিয়া সরদারের ছেলে শান্তকে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহত শান্তর বাবা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় হত্যা ও ডাকাতির মামলা করেন।
দীর্ঘ আট বছর বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন। রায়ে আদায় করা জরিমানার অর্থের ৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার এবং অবশিষ্ট অর্থ বাদীকে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে ইতোমধ্যে পরোয়ানা জারি করা হয়েছে।
রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর সাংবাদিকদের বলেন, ‘এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’



