উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুর উপজেলা মৎস্য বিভাগের অভিযানে ১৯২টি চায়না দুয়ারি জাল, এক লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮৯টি বোডা জাল জব্দ করেছে। উদ্ধার করা এসব জালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
বুধবার (২২ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে এসব জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার হারতা বাজারে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়।
মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৫) অনুযায়ী পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, দীর্ঘদিন ধরে হারতা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ জালের বেচা-কেনা চলছিল। এসব জাল দিয়ে নদী, খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছের পাশাপাশি মাছের পোনা ধরা হচ্ছিল। এতে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় হারতা বাজারে বিশেষ অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযানে বাজারে মজুত ও বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ জাল বিক্রি, মজুত ও ব্যবহারের সাথে জড়িত ব্যক্তিদের সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার সতর্কবার্তা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল বিক্রি, মজুত বা ব্যবহারের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজা বলেন, মৎস্য সম্পদ দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। নিষিদ্ধ জালের ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



