বর্ষার পানিতে পদ্মফুলের অপরূপ সৌন্দর্যে সেজেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাঘমারা বিল। বিস্তীর্ণ জলরাশির ওপর ফুটে থাকা গোলাপি ও সাদা পদ্মফুলের সমারোহে বদলে গেছে বিলের চেনা রূপ। দূর থেকে দেখলে মনে হয়, সবুজের বুকজুড়ে যেন বিছিয়ে দেয়া হয়েছে রঙিন ফুলের চাদর। প্রকৃতির এই নৈসর্গিক দৃশ্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা।
উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকুয়াদিঘী এলাকার বাঘমারা বিল বর্ষা মৌসুমে পদ্মফুলে ভরে ওঠে। ভোরের আলো ফুটতেই পদ্মের পাপড়ি মেলে ধরে বিলজুড়ে তৈরি হয় মনোরম দৃশ্য। সকালের কোমল আলোয় পানির ওপর ফুটে থাকা পদ্মফুল আর চারপাশের সবুজ প্রকৃতি দর্শনার্থীদের মুগ্ধ করছে। অনেকেই নৌকায় চড়ে বিলের ভেতরে গিয়ে কাছ থেকে পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা এলেই বাঘমারা বিলের বিভিন্ন অংশে বিপুলসংখ্যক পদ্মফুল ফুটতে শুরু করে। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিলটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় এর পরিচিতি বেড়েছে। ফলে দূর-দূরান্ত থেকেও মানুষ পদ্মফুল দেখতে এখানে আসছেন। বিশেষ করে ছুটির দিনে দর্শনার্থীদের উপস্থিতি বেশি দেখা যায়।
দর্শনার্থীদের অনেকেই বলেন, শহরের ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য স্বস্তি পেতে তারা পদ্মবিলে আসছেন। নৌকায় ঘুরে পদ্মফুল দেখা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ ও ছবি তোলার সুযোগ তাদের আনন্দ দিচ্ছে। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে, আবার অনেকে বন্ধুদের সাথে এখানে সময় কাটাচ্ছেন।
স্থানীয়দের মতে, বাঘমারা বিলকে পরিকল্পিতভাবে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দর্শনার্থীদের জন্য নিরাপদ নৌযানের ব্যবস্থা, বসার স্থান ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হলে এখানে পর্যটকের সংখ্যা আরো বাড়তে পারে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।
তবে দর্শনার্থী বাড়ার সাথে সাথে বিলের প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, অনেক সময় দর্শনার্থীদের অসচেতনতার কারণে পানিতে প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে জলজ পরিবেশ ও পদ্মফুলের স্বাভাবিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিলের পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন।
জিন্দানী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও সিনিয়র সাংবাদিক সনাতন দাশ জানান, চলনবিলে প্রায় চার দশক পর পদ্মফুল ফুটেছে। এটি বহুবর্ষী জাতীয় জলজ উদ্ভিদ। একটি পরিপক্ক পদ্মফুলের বীজ এক হাজার বছর ধরে বেঁচে থাকতে পারে।



