সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, মৃত্যু বেড়ে ৯৫

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও হামের উপসর্গ নিয়ে আরো ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সংগৃহীত

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চার মাস বয়সী শিশু আয়ান এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোয়াইনঘাট উপজেলার সাত মাস বয়সী শিশু নাফির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও হামের উপসর্গ নিয়ে আরো ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি ৯৪ জন শিশু। এদের মধ্যে মাত্র চারজনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছিল, আর বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

মৃতদের মধ্যে সবচেয়ে বেশি সুনামগঞ্জে ৪৩ জন। এছাড়া সিলেটে ৩৩ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে আটজনের মৃত্যু হয়েছে।

এদিকে সিলেট বিভাগে এ পর্যন্ত ৪৮৮ জনের হাম ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ২৬২ জন, সিলেটে ১৬৮ জন, হবিগঞ্জে ৪১ জন এবং মৌলভীবাজারে ১৭ জন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৫৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭ জন, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭০ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে দুইজন, নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন, সিলেট লায়ন্স হাসপাতালে দুইজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন ভর্তি রয়েছেন।

Topics