বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন বিএনপির দলীয় নাকি বাইরের কেউ, তা নির্ধারণ করা হবে দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকেই। সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরই জানা যাবে।
তিনি শনিবার (২৫ জুলাই) পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া’র দুই দিনব্যাপী ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংঘাতের রাজনীতি পরিহার করে শিক্ষা, মর্যাদা ও টেকসই উন্নয়নের পথ বেছে নিতে হবে। দেশকে এগিয়ে নিতে প্রতিটি গ্রামকে আধুনিক অর্থনীতি ও শহুরে সুযোগ-সুবিধায় রূপান্তর করা জরুরি এবং আরডিএ বগুড়া সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’
তিনি তরুণদের সঠিক নিয়োগ ও কর্মসংস্থান তৈরি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, সর্বজনীন ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠা এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনের সঠিক প্রয়োগ, কৃষকের ফসলের ন্যায্যমূল্য এবং শ্রমিকের সঠিক মজুরি নিশ্চিত করে ন্যায়ভিত্তিক ও বাসযোগ্য সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চতুর্থ শিল্প বিপ্লবের (৪আইআর) চ্যালেঞ্জ মোকাবেলা এবং আরডিএকে একটি আন্তর্জাতিক মানের ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার জন্য অনুষদ সদস্যদের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসরণের পরামর্শ দেয়া হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: এহছানুল হক, রেজাউল করিম বাদশা এমপি, মোশারফ হোসেন এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি সুরাইয়া জেরিন (রনি)।
সভায় একাডেমীর কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও বক্তব্য রাখেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো: আব্দুল মজিদ প্রামানিক।
আরডিএ বগুড়ার পরিচালক (প্রশিক্ষণ) মো: দেলোয়ার হোসেনের আহ্বানে আয়োজিত এ সম্মেলনে উন্মুক্ত আলোচনা, উদ্ভাবিত পণ্যের প্রদর্শনী এবং গবেষণাবিষয়ক পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।



