মিরসরাইয়ে সোয়া কোটি টাকার ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কোটি ২৯ লাখ টাকার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Location :

Mirsharai
মাদককারবারি গ্রেফতার
মাদককারবারি গ্রেফতার |নয়া দিগন্ত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে মাইক্রোবাসের তেলের ট্যাংকের সাথে বিশেষ কায়দায় লুকিয়ে এক কোটি ২৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় গাড়ির চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেফতাররা হলেন খুলনা সদর থানার আদমপাড়া এলাকার মরহুম আবদুল কাদেরের ছেলে মো: রবিউল ইসলাম প্রকাশ রবি (৪০), নেহালপুর এলাকার মো: শহিদুল ইসলামের ছেলে গাড়ি চালক মো: আলাউদ্দিন শেখ (২৮) ও জিন্নাহ পাড়া এলাকার মরহুম আনসার আলী সিকদারের ছেলে মো: মোশারফ শিকদার জাম্বু (৩৫)।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্টের দিকে আসা মাইক্রোবাসটিকে দাঁড় করিয়ে গাড়ির চালক ও যাত্রীবেশে থাকা তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেখানো মতে গাড়ির পেছনের সিটের নিচে প্লেন শিট দিয়ে ঢেকে রাখা তেলের ট্যাংকির সাথে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপে মোড়ানো ছয়টি বান্ডেল ও লাল কসটেপে মোড়ানো ১৪ বান্ডেল থেকে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়াও ২০০ গ্রাম ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২৯ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেন মাদক পরিবহনের জন্য গাড়িটি খুলনার রূপসা ব্রিজ এলাকা থেকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় নেয়া হয়। সেখানে পলাতক শাহাবুদ্দিন গাড়িটি আলাউদ্দিন শেখের কাছ থেকে বুঝে নেন। শাহাবুদ্দিন ও রবিউল মিলে গাড়ির তেলের ট্যাংকের সাথে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বারে ইয়াবাগুলো লুকিয়ে ইয়াবাভর্তি গাড়িটি গ্রেফতার তিন ব্যক্তির কাছে বুঝিয়ে দেন। ইয়াবাগুলো ঢাকায় অবস্থানরত রানা বেগ ও রনি নামের দুই ব্যক্তির কাছে অধিক দামে বিক্রির উদ্দেশে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারইয়ারহাট ট্রাফিক বক্সের সামনে থেকে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’