সিলেটে হামে গত ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৯ জন। এর মধ্যে সিলেটে ২৯১, হবিগঞ্জে ১০৩ (এর মধ্যে দুইজন রুবেলা), মৌলভীবাজারে ১০২ এবং সুনামগঞ্জে ৩৩৫ জন শনাক্ত হয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের ম্যাপ
সিলেটের ম্যাপ |ফাইল ছবি

সিলেটে একদিন মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং হাম ও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯১ জন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১২৫ জনে দাঁড়িয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯১ জন সন্দেহজনক হাম রোগী।

রোববার (৯ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

মৃত্যু হওয়া তিনজন হলো— হবিগঞ্জের নবীগঞ্জের তিন বছর আট মাস বয়সী মো: এহসানুল, বানিয়াচংয়ের ১৮ বছর বয়সী বর্ণা রানী দাস এবং সিলেটের কোম্পানীগঞ্জের আট মাস বয়সী আয়ান রয়েছেন। তিনজনেরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য অফিসের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৯ জন। এর মধ্যে সিলেটে ২৯১, হবিগঞ্জে ১০৩ (এর মধ্যে দুইজন রুবেলা), মৌলভীবাজারে ১০২ এবং সুনামগঞ্জে ৩৩৫ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯১ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৫ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, মৌলভীবাজার সদর হাসপাতালে পাঁচজন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে সাতজন ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৯১ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১২ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬২ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে দুইজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২১ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৮ আগস্ট কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর আগের দিন ৭ আগস্ট পর্যন্ত হাম ও হামসদৃশ উপসর্গে মৃতের সংখ্যা ছিল ১২২। এরপর ৯ আগস্টের সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু বেড়ে ১২৫ জনে দাঁড়িয়েছে।

মৃত ১২৫ জনের মধ্যে নিশ্চিত হাম ছিল ছয়জনের। আর ১১৯ জনের মৃত্যু হয়েছে হাম উপসর্গ নিয়ে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪, হবিগঞ্জে ১৬, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে।