সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সাদুল্লাপুরে ইন্দোনেশিয়ান নাগরিক মাফতুখা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নলডাঙ্গা বাজার এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মাফতুখা নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানায়, প্রায় ১৬ বছর আগে মিজানুর রহমান ও মাফতুখা সিঙ্গাপুরে একসাথে চাকরি করতেন। একপর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে দশলিয়া গ্রামের স্বামীর বাড়িতে মাফতুখা সংসার করে আসছিলেন। এই দম্পতির ১১ ও সাত বছর বয়সি দু’টি ছেলে রয়েছে।
স্বজনদের দাবি, মুফতুখা বেগম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এ অবস্থায় রোববার রাত ১১টার দিকে নলডাঙ্গা বাজারের নিজস্ব সিঙ্গাপুর মার্কেটের তিনতলা ভবনের শয়নকক্ষে তার মৃত্যু হয়। তিনি বিদেশী নাগরিক হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে সাদুল্লাপুর থানায় অবহিত করা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন সরকার বলেন, ‘তিনি বিদেশী নাগরিক হওয়ায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর সুস্পষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’



