প্রতিবাদে বাসে আগুনে

গাজীপুরে বাস চাপায় নারী শ্রমিক নিহত

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর তার সহকর্মীরা একটি বাসে আগুন দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Location :

Gazipur
গাজীপুরে বাস চাপায় মরিয়ম বেগম নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন
গাজীপুরে বাস চাপায় মরিয়ম বেগম নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন |সংগৃহীত

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুরে তাকওয়া পরিবহনের বাসের চাপায় মরিয়ম বেগম (৫০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয়রা তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি ইটাহাটা এলাকার দিগন্ত সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মরিয়মের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার তার সহকর্মী শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় তারা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরে তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে বাসটির ভেতরের অংশের বেশির ভাগ পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে পুড়ে যাওয়া বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়ার পর দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর তার সহকর্মীরা একটি বাসে আগুন দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।