ছাত্রদল নেতা রিপন হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল গ্রেফতার

রায়ের পর থেকেই গ্রেফতার এড়াতে জামাল পত্তনদার দীর্ঘদিন ভারতে পলাতক ছিল। পরে ২০২৫ সালের ১০ আগস্ট ভারতের মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভারতের ক্রাইম ব্রাঞ্চ। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে প্রায় দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে জামাল।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার
গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার |নয়া দিগন্ত

রাজবাড়ীর দৌলতদিয়ার ছাত্রদল নেতা ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল (২৩) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাব-১০, ফরিদপুরের ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের একটি টিম র‌্যাব-৬-এর সহযোগিতায় নড়াইল জেলার সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার বাসিন্দা হোসেন পত্তনদারের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ের গেটে শিক্ষার্থী রিপন মন্ডলকে গুলি করে হত্যা করেন জামাল পত্তনদার। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচার শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত জামালকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

রায়ের পর থেকেই গ্রেফতার এড়াতে জামাল পত্তনদার দীর্ঘদিন ভারতে পলাতক ছিল। পরে ২০২৫ সালের ১০ আগস্ট ভারতের মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভারতের ক্রাইম ব্রাঞ্চ। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে প্রায় দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে জামাল।

বাংলাদেশে প্রবেশের পর থেকে তার ওপর নজরদারি চালিয়ে আসছিল র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, জামাল পুনরায় কন্ট্রাক্ট কিলিং মিশনে জড়িত হয়ে হত্যাকাণ্ড শেষে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, গ্রেফতার জামাল পত্তনদার এই হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।