মালয়েশিয়ায় বাংলাদেশী অবৈধ প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ বার্তা

ভিডিও বার্তায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম বলেন, অনিয়মিত বা নথিবিহীন বিদেশিদের আইনসম্মত ও নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম চালু করেছে। এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশীদের সরকারি নিয়ম মেনে আবেদন করার সুযোগ রয়েছে।

মালয়েশিয়া সংবাদদাতা
ভিডিও বার্তায় বক্তব্য রাখছেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম
ভিডিও বার্তায় বক্তব্য রাখছেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম |ছবি সংগৃহিত

স্থান: মালয়েশিয়া

মালয়েশিয়ায় গিয়ে বিভিন্ন জটিলতায় যে সব বাংলাদেশী প্রবাসী বৈধতা হারিয়ে অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফেরার বিষয়ে বিশেষ বার্তা দিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানের মধ্যে এ বার্তা প্রকাশ করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম এ আহ্বান জানান।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে আটক ব্যক্তিদের জেল-জরিমানা করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এরই প্রেক্ষিতে দূতাবাসের বার্তায় অবৈধ বাংলাদেশীদের গ্রেফতার ও আইনি জটিলতায় পড়ার আগেই সরকারি কর্মসূচির আওতায় দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

ভিডিও বার্তায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম বলেন, অনিয়মিত বা নথিবিহীন বিদেশিদের আইনসম্মত ও নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম চালু করেছে। এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশীদের সরকারি নিয়ম মেনে আবেদন করার সুযোগ রয়েছে।

তিনি জানান, দেশে ফিরতে বৈধ ও মেয়াদযুক্ত বাংলাদেশী পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট না থাকলে বা মেয়াদ শেষ হয়ে থাকলে সংশ্লিষ্ট প্রবাসী বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট (টিপি) নিতে পারবেন।