দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীনস্থ বড়গ্রাম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসব ট্যাবলেট উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক আরিফ-উজ-জামান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।



