নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে মো: সুমন শাহ (২০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আমতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন।
সুমন রাজশাহীর পুঠিয়া উপজেলার দরবেশপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক সেবনের দায়ে সুমনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে।



