সাগর পথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফ থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার ও নয়জন মানবপাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৫ জুন) মাঝরাতে উপজেলার উপকূলীয় বাহারছড়া সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ শনিবার দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো: মুত্তাকীন সিদ্দিকী।
তিনি জানান, মালয়েশিয়া মানবপাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্টগার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া কর্তৃক যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত দেয়া হলে ট্রলারটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।
এসময় ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়। আটক ট্রলারে তল্লাশী চালিয়ে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং নয়জন মানবপাচারকারীকে আটক করা হয়। উদ্ধার ভুক্তভোগীদের ১১ জন রোহিঙ্গা ও বাকিরা কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদে উদ্ধাররা জানায়, বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদেরকে টেকনাফে নিয়ে আসা হয়। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়।
পাচারকারীরা উদ্ধারদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।
জব্দকৃত ট্রলারসহ, উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।



