হোসেনপুরে অটোরিকশার চাপায় মসজিদের খাদেম নিহত

বুধবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী মোরগ মহল মসজিদে যাচ্ছিলেন হাফিজ উদ্দিন। পথে হোসেনপুর-কিশোরগঞ্জ বাইপাস সড়ক অতিক্রম করার সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়।

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

Location :

Hossainpur
নিহত খাদেম মো: হাফিজ উদ্দিন হাবি
নিহত খাদেম মো: হাফিজ উদ্দিন হাবি |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো: হাফিজ উদ্দিন হাবি (৭৩) নামে স্থানীয় মসজিদের এক খাদেম নিহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকালে নিজ বাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন হোসেনপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দ্বীপেশ্বর গ্রামের জয়নালের বাড়ির মরহুম আফতাব উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় মোরগ মহল মসজিদের খাদেম ও তাবলীগ জামাতের খেদমতে সর্বদাই নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী মোরগ মহল মসজিদে যাচ্ছিলেন হাফিজ উদ্দিন। পথে হোসেনপুর-কিশোরগঞ্জ বাইপাস সড়ক অতিক্রম করার সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজনের তাকে উদ্ধার করে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর জনতা অটোরিকশাটি আটক করলেও চালক পালিয়ে গেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।