আশুগঞ্জে আলোচিত ইভটিজার ইমন ইয়াবাসহ আটক, কারাদণ্ড

গত রোববার (১৪ জুন) দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে ইমনের বিরুদ্ধে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Ashuganj
ইভটিজিংয়ের ঘটনায় আলোচিত যুবক ইমনকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ
ইভটিজিংয়ের ঘটনায় আলোচিত যুবক ইমনকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় আলোচিত যুবক ইমনকে ইয়াবাসহ আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে আশুগঞ্জ বাজার এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি রবিউস সারোয়ার।

তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ বাজারের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ইমনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দণ্ড দেয়া হয়।

উল্লেখ্য, গত রোববার (১৪ জুন) দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে ইমনের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরদিন মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক হওয়ার ঘটনায় তাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।