খায়রুল কবির খোকন এমপি বলেছেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে মাধবদীকে পূর্ণাঙ্গ উপজেলা হিসাবে ঘোষণা করা হবে। তখন আপনারা স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সকল ধরনের সেবাই পাবেন। এই দক্ষিণ অঞ্চল বিএনপির ঘাঁটি এবং আমার ভোটব্যাংক আপনাদের ভোটেই আমি বার বার এমপি হই। আমি এই অঞ্চলের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব।’
শনিবার (১১ই জুলাই) সামাজিক উন্নয়ন ও মানবসেবার লক্ষ্যে নরসিংদীর মাধবদীর ফজলুল করিম কিন্ডার গার্ডেন স্কুলের মাঠে ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে তিনি এসব কথা বলেন।
এমপি বলেন, ‘আলহাজ্ব ফজলুল করিম ফাউন্ডেশন এলাকার গরীব-দুঃখী, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সকাল থেকেই ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী প্রায় দুই হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে নারী-পুরুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
এলাকার হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রমের সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ এর সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি জনাব খায়রুল কবির খোকন এমপি।
সভাপতিত্ব করেন ফজলুল করিম ফাউন্ডেশনে চেয়ারম্যান ও শ্রম অধিদফতর ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোস্তফা আজিজুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব জনাব আহাম্মদ এনামুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবু সালেহ চৌধুরী, মাধবদী শহর বিএনপির সভাপতি জনাব আমান উল্লাহ আমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো: ফজলুল আউয়াল মোল্লাহ এবং ড. রফিকুল ইসলাম, নরসিংদী জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাফিজুল ইসলাম, মাধবদী থানা যুবদলের সভাপতি শাহান উল্লাহ, শহর যুবদলের আহ্বায়ক মো: সোলায়মান ভুইয়া, যুব দল নেতা কাজী ওয়াসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্য অতিথিরা।



