গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্রের রাজনীতি আর চলবে না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা জুবাইরুল আলম মানিক বলেছেন, ‘আমরা পরিবারতন্ত্রের অবসান চাই।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুবাইরুল আলম মানিক বলেন, ‘জন্মের পর থেকে দেখছি দুটি পরিবার আনোয়ারাকে শাসন করছে। যোগ্যতা থাকলেও এই দুই পরিবারের বাইরে গিয়ে কেউ নেতৃত্ব দেয়ার সাহস করে না। ৩০ থেকে ৪০ বছর রাজনীতি করার পরও অনেককে নেতার ছেলের পেছনে রাজনীতি করতে হয়।’
তিনি বলেন, ‘এনসিপি বিশ্বাস করে যোগ্যতা থাকলে একজন কৃষকের সন্তানও এমপি, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী হতে পারবেন। মানুষ রাজনীতি করে নেতৃত্ব দেয়ার জন্য, নিজের আত্মসম্মান ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচনে তরুণরা প্রার্থী হবে। কেন্দ্র দখল কিংবা প্রভাব খাটিয়ে ভোট নেয়ার চিন্তা থাকলে তা বাদ দিতে হবে। এনসিপি থাকতে কেন্দ্র দখল করে ভোট নেয়া চলবে না। প্রত্যেক ভোটার যাতে নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।’
অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব রিদুওয়ানুল করিম হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী কাইয়ুমুল ইসলাম, চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক সাঈদ মোহাম্মদ ইফতিখার, দক্ষিণ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুশফিকুর রহমান চৌধুরী মিশকাত ও যুগ্ম সদস্যসচিব জিয়াউর করিম।
এছাড়া দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও সিফাত চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আকাশ নূর, এ কে এম মুরশেদ ও শাহেদুল ইসলাম শাহেদ, দফতর সম্পাদক ইরফান মাহমুদ আল সাইদ, সহ-দফতর সম্পাদক জহির উদ্দিন চৌধুরী হিমেল, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো: শাহেদুল আলম, নারীবিষয়ক সম্পাদক ডালিয়া বড়ুয়া, সহ-নারীবিষয়ক সম্পাদক জোবাইদা হক তানজুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনোয়ারা-কর্ণফুলীর দুই শতাধিক কিশোর ও যুবক এনসিপি ও জাতীয় ছাত্রশক্তিতে যোগ দেন।



