রাঙ্গাবালীতে গভীর নলকূপে পানির বদলে উঠছে গ্যাস

এদিকে গ্যাস উদগীরণের খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ছুটে আসতে থাকেন। প্রতিদিন সেখানে কয়েক শ’ মানুষ জড়ো হন।

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
রাঙ্গাবালীতে গভীর নলকূপে পানির বদলে উঠছে গ্যাস
রাঙ্গাবালীতে গভীর নলকূপে পানির বদলে উঠছে গ্যাস |ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে গভীর নলকূপে পানির বদলে পাওয়া গেছে প্রাকৃতিক গ্যাস। সেই গ্যাস থেকে আগুনও জ্বলছে অনবরত। এমন দৃশ্য দেখার জন্য উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ার-চর গ্রামে উৎসুক মানুষের ভিড় জমেছে।

স্থানীয় লোকজন জানান, নয়ার-চর গ্রামের কামাল নামের এক ব্যাবসায়ী খাবার পানি সংগ্রহের জন্য গত একমাস আগে বাড়ির আঙ্গিনায় মিস্ত্রি ও শ্রমিক দিয়ে গভীর নলকূপ স্থাপন করেন। এর কিছুদিন পরই দেখেন ভূগর্ভ থেকে পানি নয়, বোরিং করা পাইপ দিয়ে গ্যাস বের হয়ে আসছে। বাড়ির লোকদের কাছে বিষয়টি খটকা মনে হলে তারা স্থানীয় লোকজনকে ডেকে এনে বিষয়টি দেখান। এরপর ঘ্রাণ নিয়ে তারা গ্যাস উদগীরণের বিষয়টি নিশ্চিত হন। আরো নিশ্চিত হতে তারা পাইপের মাথায় দেশলাই দিয়ে আগুন ধরান।

জমির মালিক মো: কামাল বলেন, ব্রি–নিরাপদ পানি সংগ্রহের জন্য নলকূপ বসানো হচ্ছিল। তবে নলকূপ বসানোর কয়েকদিন পরই দেখাগেলো পাইপ দিয়ে গ্যাস বের হয়ে আসতে থাকে, বিষয়টি নিশ্চিত হওয়ার পরই উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

এদিকে গ্যাস উদগীরণের খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ছুটে আসতে থাকেন। প্রতিদিন সেখানে কয়েক শ’ মানুষ জড়ো হন।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, ‘কয়েকদিন আগে আমরা বিষয়টি জেনেছি। সেখানে আসলেই ভূগর্ভস্থ গ্যাস রয়েছে কি না, সেটা পরীক্ষার প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং কামালের একটি আবেদন জেলায় পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার পরই সেখানে ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।’