নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে বিক্ষোভ

শুনানি চলাকালে বিচারক এক নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর ক্ষিপ্ত হয়ে পেপার ওয়েট ছুড়ে মারেন। এ ঘটনার প্রতিবাদে বিচারকাজ বর্জন করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

মো: সেলিম রেজা, গোপালগঞ্জ

Location :

Gopalganj
আইনজীবীদের বিক্ষোভ
আইনজীবীদের বিক্ষোভ |নয়া দিগন্ত

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর বিচারকের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিচারকাজ বর্জন করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা আইনজীবী সমিতির সদস্যরা। একইসাথে অভিযুক্ত বিচারক সুজন মিয়ার অপসারণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে জেলা বার ভবনের সামনে আইনজীবীরা জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে একটি প্রতিবাদ মিছিল বের করে।

আইনজীবী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানি চলাকালে বিচারক সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে সাবিহা সুলতানা নামে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর পেপার ওয়েট ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে। এতে ওই শিক্ষানবিশ আইনজীবী আহত হন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন আইনজীবীরা।

প্রতিবাদ সমাবেশে আইনজীবী নেতারা বলেন, প্রকাশ্য আদালতে একজন নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন। আদালতে আইনজীবীদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে অভিযুক্ত বিচারকের দ্রুত অপসারণের দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও বিচারকাজ বর্জন কর্মসূচি চলবে।

এদিকে ঘটনার পর গোপালগঞ্জ আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

অভিযোগের বিষয়ে বিচারক সুজন মিয়ার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে আদালত সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে ওই ম্যাজিস্ট্রেটের বিচারিক (আমলি) ক্ষমতা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে।