সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি আরো ১৩৮

গত ২৪ ঘণ্টায় হাম বা উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় চলতি বছরে এ রোগে ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ১৫২ জনই রয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে ১০ জন ও হামের উপসর্গ নিয়ে ১৪২ জনের মৃত্যু হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা |প্রতীকী ছবি

সিলেটে কোনোভাবেই কমছে না হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও এই সময়ে উপসর্গ নিয়ে ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।

সোমবার (৩১ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৩৮ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৫ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জনসহ বিভিন্ন হাসপাতালে রোগীরা ভর্তি হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ১৪১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং এক শিশুর মৃত্যু হয়েছিল। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪০৫ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত না হওয়ায় এ সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম বা উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় চলতি বছরে এ রোগে ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ১৫২ জনই রয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে ১০ জন ও হামের উপসর্গ নিয়ে ১৪২ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২০ ও মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, নতুন করে মৃত্যুর ঘটনা না ঘটলেও প্রতিদিন বিপুলসংখ্যক সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি প্রয়োজন। বিশেষ করে শিশুদের মধ্যে হামজনিত জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।