কসবায় শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ভুক্তভোগী শিশুটির বাবা-মা পেশায় রাজমিস্ত্রী। শুক্রবার সকালে তারা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বেলা ১১টার দিকে অভিযুক্ত কিশোর চিপস ও জুস দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যায়।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Kasba
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোর শাহাদাত হোসেন তুষার
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোর শাহাদাত হোসেন তুষার |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চিপস ও জুস দেয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৪) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কসবা পৌর সদরের কল্যাণ সাগর দীঘিরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কিশোরের নাম শাহাদাত হোসেন তুষার বলে জানা গেছে। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়।

কসবা থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা-মা পেশায় রাজমিস্ত্রী। শুক্রবার সকালে তারা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বেলা ১১টার দিকে অভিযুক্ত কিশোর চিপস ও জুস দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে একটি গাছের সাথে বেঁধে রাখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় শিশুটির মা কসবা থানায় লিখিত এজাহার দাখিল করলে পুলিশ তাৎক্ষণিকভাবে মামলাটি নথিভুক্ত করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।