ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আশিক ইউটিউব দেখে শিখে ২৬০ প্রকার চা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে ২০০৬ সালে তিনি ছোট একটি চায়ের দোকান দিয়ে জীবিকা শুরু করেন।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে প্রথম দোকান থেকে শুরু করে ২০২৩ সালে বড় পরিসরে ‘আশিক টি শপ’ নামে নতুন দোকান চালু করেন। দোকানে ঝুলছে ২৬০ প্রকার চায়ের তালিকা। বিকেলে সরাইল ও আশপাশের এলাকার চা প্রেমীরা সেখানে ভিড় করেন। দূর-দূরান্ত থেকেও অনেকেই আশিকের দোকানে আসেন চায়ের স্বাদ নিতে।
চায়ের ধরনভেদে দাম ১০ থেকে ১৫০ টাকা। তুর্কি ব্ল্যাক কফি, চকলেট ক্যাপাচিনো, শাহী মালাই, চকলেট মালাই, রোজেলা, তেঁতুল চা, লেমন-মাল্টা ও মসলা চা সবচেয়ে জনপ্রিয়। শুক্র ও শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দোকানে প্রচণ্ড ভিড় থাকে।
আশিক জানান, প্রতিদিন তার দোকানে ১৫ থেকে ২০ হাজার টাকার চা বিক্রি হয়। সাধারণ দুধ চা ও লিকার চায়ের পাশাপাশি মশলা, ফল, বাদাম, তেঁতুল ও ভেষজ উপাদানে তৈরি নানা স্বাদের চা ক্রেতাদের আকর্ষণ করছে।
তিনি বলেন, ‘ইউটিউব দেখে চা বানানো শিখে আজ আমি সফলতা পেয়েছি।’



