চুয়াডাঙ্গায় ৩০০ কৃষক পেলেন তুলা চাষের প্রণোদনা

তুলা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০ কৃষককে তুলা চাষের প্রণোদনা দেয়া হয়েছে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
কৃষককে প্রণোদনা তুলে দিচ্ছেন ইউএনও
কৃষককে প্রণোদনা তুলে দিচ্ছেন ইউএনও |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২০২৬-২৭ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০ কৃষককে মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ কাজের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। চুয়াডাঙ্গা জেলার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম ইজাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদর কটন ইউনিট কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান ও যশোর রিজিয়নের কীট-পতঙ্গ বিশেষজ্ঞ ড. তাসদিকুর রহমান সনেট।

স্বাগত বক্তব্যে এস এম ইজাজুল ইসলাম জানান, সদর উপজেলার ৭৫০ জন তুলা চাষীর মধ্য থেকে নির্বাচিত ৩০০ জন কৃষককে মোট ২৪ লাখ টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। প্রতিটি কৃষককে আট হাজার টাকা সমমূল্যের ৬০০ গ্রাম হাইব্রিড বীজ, ১২৭ কেজি বিভিন্ন ধরনের সার ও প্রয়োজনীয় কীটনাশক বিতরণ করা হয়।

ইউএনও তিথি মিত্র বলেন, ‘তুলা একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। সরকারের এই প্রণোদনা চাষীদের তুলা আবাদে আরো উৎসাহিত করবে।’