কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, ‘নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। একইসাথে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।‘

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপ
কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপ |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুর্গাপদ মল্লিক (৭৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে বিধান মল্লিক (৪৭) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুর্গাপদ আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা উত্তরপাড়া এলাকার বাসিন্দা পরলোকগত নগেন্দ্র মল্লিকের ছেলে এবং আহত বিধান নিহতের ছেলে।

জানা গেছে, নতুন ব্রিজ থেকে মইজ্জ্যারটেকমুখী একটি পিকআপভ্যানের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা দুর্গাপদ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে গুরুতর আহত মোটরসাইকেল চালক বিধানকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে যায়। জড়িত যানবাহনগুলো শনাক্ত ও জব্দের উদ্যোগ নেয়া হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, ‘নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। একইসাথে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।‘