সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
দুর্ঘটনাকবলিত দু’টি বাস
দুর্ঘটনাকবলিত দু’টি বাস |নয়া দিগন্ত

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধ-শতাধিক যাত্রী।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সাথে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। গুরুতর আহত তিন বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জয়নাল আবেদীন নয়া দিগন্তকে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ওসমানীনগর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।