চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাঠে সার দিতে গিয়ে নিখোঁজের একদিন পর হাসেম আলী (৬০) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ওসমানপুর গ্রামের কাটাখালির মাঠ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত হাসেম আলী উপজেলার ওসমানপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নিজের জমিতে সার দেয়ার উদ্দেশে বাড়ি থেকে কাটাখালির মাঠে যান হাসেম আলী। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। রাতে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থান ও আত্মীয়স্বজনের বাড়িসহ মাঠের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তার কোনো সন্ধান মেলেনি।
শুক্রবার সকালে স্থানীয় কৃষকরা কাটাখালির মাঠে হাসেম আলীর লাশ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। হাসেম আলীর শরীরের কিছু অংশ শেয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
আলমডাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাঈল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি সাধারণ কোনো দুর্ঘটনা, বন্য প্রাণীর আক্রমণ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।



