ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা রোড এলাকায় এই ঘটনা ঘটে।
আহত অ্যাম্বুলেন্সের যাত্রী মো: জালাল উদ্দিন (৩৫) সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বিনপাড়া এলাকার বাসিন্দা।
ধামরাই ফায়ার সার্ভিস সূত্র জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দু’টি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে নিজেদের অ্যাম্বুলেন্সে করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
উদ্ধার অভিযান শেষে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



