মদনে পাচারকালে ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

পাচারকালে দুইটি ট্রাক্টর ভর্তি ১০০ বস্তা সরকারি চাল জব্দসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

Location :

Madan Upazilla
পাচারকালে ট্রাক্টর ভর্তি সরকারি চাল
পাচারকালে ট্রাক্টর ভর্তি সরকারি চাল |নয়া দিগন্ত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদনে পাচারকালে দুইটি ট্রাক্টর ভর্তি ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাক্টরের দুই চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এই চাল জব্দ করা হয়।

আটকরা হলেন উপজেলার দেওসহিলা গ্রামের আবু কালামের ছেলে মামুন মিয়া (২৮) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে আকার উল্লাহ (২৪)।

জানা গেছে, গত কয়েকদিন যাবত দুস্থদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ হচ্ছে। কিন্তু ওই চাল সুবিধাভোগীদের বাড়িতে না নিয়ে স্বল্পমূল্যে অন্যত্র বিক্রি করে দেয়ার অভিযোগ ওঠে। আর এসব চাল একটি পক্ষ সংগ্রহ করে শুক্রবার সকালে দু’টি ট্রাক্টরে নেত্রকোনা উপজেলা সদরে নিয়ে যাচ্ছিল। পরে এলাকাবাসী সরকারি চাল পাচার হচ্ছে জেনে তা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ চাল জব্দ করে থানায় নিয়ে যায় ও দুই চালককে আটক করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম জানান, উপজেলার ফতেপুর গ্রামের দিক থেকে বস্তায় করে সরকারি চাল বোঝাই দু’টি ট্রাক্টর মদন উপজেলা সদরের দিকে আসছে—এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। সড়কের রুদ্রশ্রী এলাকায় ট্রাক্টর দু’টি আটক করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় দু’টি ট্রলি থেকে ১০০ বস্তার সরকারি চাল জব্দ করা হয়।

ওসি বলেন, ‘সরকারি চাল, ট্রাক্টর দু’টি ও দুই চালককে আটক করে থানায় আনা হয়। থানায় বর্তমানে ঠিক কি পরিমাণ চাল রয়েছে তা সঠিকভাবে পরিমাপ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।’

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘সরকারি চাল পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে থানায় মামলার নির্দেশনা দেয়া হয়েছে।’