মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি বড় রাজা ইলিশ। পরে মাছটি নিলামে সাড়ে আট হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে কিরন মাঝি। নিলামে অংশ নিয়ে মৎস্য ব্যবসায়ী ফিরোজ আট হাজার ৫০০ টাকায় ইলিশটি কিনে নেন।
জেলে কিরন মাঝি জানান, সোমবার সকালে মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্য ছোট ইলিশের সাথে বড় আকারের এই ইলিশটি ধরা পড়ে। পরে অন্য মাছের সাথে ইলিশটিও রামনেওয়াজ মৎস্যঘাটে এনে নিলামে বিক্রি করেন তিনি।
মৎস্য ব্যবসায়ী ফিরোজ জানান, নিলামে তিনি ছাড়াও কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। পরে সর্বোচ্চ দর দিয়ে আট হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। মাছটি ঢাকার কাওরান বাজারে পাঠানো হবে। সেখানে আরো বেশি দামে বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কমার অপু বলেন, ‘বর্তমানে মেঘনায় ইলিশের সঙ্কট রয়েছে। এর মধ্যে এতো বড় আকারের একটি ইলিশ ধরা পড়া আশাব্যঞ্জক। সামনে বৃষ্টিপাত হলে মেঘনায় আরো বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে আশা করি।’



