লৌহজংয়ে ২৮১ বোতল স্কাফ সিরাপসহ গ্রেফতার ২

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮১ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
স্কাফ সিরাপ জব্দ
স্কাফ সিরাপ জব্দ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ২৮১ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে র‌্যাব-১০-এর মিডিয়া সেলের সিনিয়র সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন যশোর জেলার কোতোয়ালী থানার হালসা গ্রামের মো: সম্রাট হোসেন (৩৬) ও মো: শরিফুল ইসলাম (২৪)।

মিডিয়া সেলের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পদ্মা সেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। পদ্মা সেতু থেকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় যাওয়ার সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেটকার থেকে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় সম্রাট ও শরিফুলকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৪ হাজার টাকা।

র‌্যাব-১০ জানায়, গ্রেফতার দু’জন পেশাদার মাদককারবারি। তারা দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে পদ্মা সেতুর উত্তর প্রান্তসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব-১০-এর প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।