ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার থলিয়ারা গ্রামে একটি দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়ে থেমে থেমে দুপুর দেড়টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, থলিয়ারা গ্রামের বড় গোষ্ঠীর জয়নাল মিয়ার সাথে ছোট গোষ্ঠীর জুবায়েরের একটি দোকান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ সালিশে দোকানটি উচ্ছেদের পক্ষে সিদ্ধান্ত দেয়া হলে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
এর জেরে রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।



