কাঁঠালিয়ায় বৃষ্টিতে ভেঙে গেছে ঘর, গৃহহীন হতদরিদ্র পরিবার

নিজের বসতঘরটি ভেঙে যাওয়ায় বাড়ির অন্য একজনের ঘরে আশ্রয় নিয়েছেন। তিনি পরিবারের সকলকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Kathalia
ভেঙে যাওয়া ঘরের পাশে সন্তান ও স্ত্রীসহ হতদরিদ্র মো: শাহিন হাওলাদার, (ডানে) পরিদর্শনে ইউএনও
ভেঙে যাওয়া ঘরের পাশে সন্তান ও স্ত্রীসহ হতদরিদ্র মো: শাহিন হাওলাদার, (ডানে) পরিদর্শনে ইউএনও |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় হতদরিদ্র মো: শাহিন হাওলাদার তিন সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করেন একটি ভাঙা ঘরে। কোনো ঝড় না হলেও বৈরী আবহাওয়ায় গত ছয় দিনের টানা বৃষ্টিতে হঠাৎ তার ঘরটি ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় পরিবারের লোকজন।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের বড় কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘরের মধ্যে পরিবারের চার সদস্যসহ একটি ত্রাণের গরু ছিল। শাহিন হাওলাদারসহ পরিবারের লোকজন বের হতে পারলেও গরুটি ঘরের মধ্যে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন এসে গরুটিকে উদ্ধার করে।

ক্ষতিগ্রস্ত শাহিন হাওলাদার জানান, নিজের বসতঘরটি ভেঙে যাওয়ায় বাড়ির অন্য একজনের ঘরে আশ্রয় নিয়েছেন। তিনি পরিবারের সকলকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই সমাজের বৃত্তবান ও সরকারের কাছে একটি ঘরের জন্য আবেদন জানান তিনি।

শাহিনের ভাঙা ঘর পরিদর্শন করেছে উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নুরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: জয়নাল আবেদীন, স্থানীয় কৃষক দলের নেতা মো: শাহিন আকন, মো: মাইনুল হোসেন হাওলাদার, ছাত্রদলের মো: রুবেল মোল্লা প্রমুখ।

স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলামের ফেসবুক স্ট্যাটাস দেখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মকবুল হোসেন তাৎক্ষণিক ভাঙা ঘর পরিদর্শন করেন এবং একটি ঘর তুলে দেয়ার আশ্বাস দেন।