প্রশাসনের আশ্বাসে চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার

জেলা প্রশাসনের আশ্বাসে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
বাস ধর্মঘট প্রত্যাহার
বাস ধর্মঘট প্রত্যাহার |মানচিত্র

জেলা প্রশাসনের ইতিবাচক আশ্বাস ও সড়কে শৃঙ্খলা নিশ্চিতের একাধিক সিদ্ধান্তের পর চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি যৌথ সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।

পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সাথে আলোচনার পর জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হওয়ার ঘোষণা এলে স্বস্তি ফেরে সাধারণ যাত্রীদের মধ্যে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা ও মারধরের অভিযোগ ওঠে ব্যাটারিচালিত ইজিবাইকচালকদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া পাঁচটি প্রধান রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। ফলে শনিবার সকাল থেকেই জেলা জুড়ে যাতায়াতে ভোগান্তিতে পড়েন হাজারও সাধারণ ও দূরপাল্লার যাত্রী। যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় এনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দ্রুত উদ্যোগ নেন ও প্রশাসন, বাস মালিক-শ্রমিক এবং ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন।

দীর্ঘ বৈঠকে সড়কের শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু কঠোর ও সময়োপযোগী সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে ব্যাটারিচালিত ইজিবাইকের বিশৃঙ্খলা রোধে উপজেলাভিত্তিক আলাদা রঙ নির্ধারণের সিদ্ধান্ত অন্যতম। নতুন নিয়ম অনুযায়ী, চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় কমলা, সদর উপজেলায় নীল, আলমডাঙ্গায় সবুজ, দামুড়হুদায় খয়েরি ও জীবননগর উপজেলায় হলুদ রঙের ইজিবাইক চলাচল করবে।

একইসাথে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়, এক উপজেলার ইজিবাইক অন্য উপজেলায় কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। আগামী এক সপ্তাহের মধ্যে ইজিবাইকে নির্দিষ্ট রঙ না করলে ও নিয়ম অমান্য করলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে প্রশাসন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার জানান, পরিবহন শ্রমিকদের সার্বিক নিরাপত্তা জোরদারের আশ্বাস দেয়ার পাশাপাশি সড়কে ব্যাটারিচালিত ইজিবাইকের মাধ্যমে তৈরি হওয়া বিশৃঙ্খলা দূর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে শ্রমিক সংগঠনগুলো তাদের বাস ধর্মঘট তুলে নেয়। এর ফলে শনিবার দুপুর থেকেই চুয়াডাঙ্গার আন্তঃজেলা পরিবহন ব্যবস্থা আবারো সচল হয়ে ওঠে।