মাদারীপুরে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

ইতালি পাঠানোর কথা বলে আরমানকে লিবিয়ায় মাফিয়াদের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় আরমানের মা মামলা করলে জুলহাসকে গ্রেফতার করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
গ্রেফতার জুলহাস তালুকদার
গ্রেফতার জুলহাস তালুকদার |নয়া দিগন্ত

মাদারীপুরে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস তালুকদারকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২২ জুলাই) ভোরে রাজধানীর কদমতলী এলাকার স্মৃতিধারা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৮ ও র‌্যাব-১০।

গ্রেফতার জুলহাস মাদারীপুরের রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।

জানা গেছে, মাদারীপুরের রাজৈরের বাসিন্দা আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে ২৩ লাখ টাকা নেন জুলহাসসহ নয়জনের একটি চক্র। ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আরমানকে আটকে মাফিয়াদের হাতে তুলে দেয় দালালচক্রটি। পরে ওই যুবকের ওপর চলে নির্মম শারিরিক নির্যাতন। তকে বাঁচাতে কয়েক দফায় আরো ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয় তার পরিবার। এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম রাজৈর থানায় দালালচক্রের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন। পরে তাকে গ্রেফতারের পর আইনী প্রক্রিয়া শেষে রাজৈর থানায় হস্তান্তর করে র‌্যাব। দুপুরে জুলহাসকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানো হয়।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মানবপাচার আইনে করা মামলার প্রধান আসামি জুলহাসকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই আদালতে অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে। গ্রেফতার জুলহাসের বিরুদ্ধে মানবপাচার ও সন্ত্রাসবিরোধী আইনে ১৫টি মামলা রয়েছে।