পাকুন্দিয়ায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সজিব ও রিয়াদ মোটরসাইকেলে করে আগরপাট্টা থেকে পাকুন্দিয়া উপজেলা সদর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষাকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
নিহত মোটরসাইকেল চালক সজিব
নিহত মোটরসাইকেল চালক সজিব |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিয়াদ (২৯) নামে আরেক যুবক।

বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুষাকান্দা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক সজিব উপজেলার আগরপাট্টা গ্রামের খোকন মিয়ার ছেলে। আহত মোটরসাইকেল আরোহী রিয়াদ উপজেলার চরটেকী গ্রামের লালু মিয়ার ছেলে। তারা দু’জন সম্পর্কে মামাত ও ফুফাত ভাই বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সজিব ও রিয়াদ মোটরসাইকেলে করে আগরপাট্টা থেকে পাকুন্দিয়া উপজেলা সদর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষাকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী দু’জনই গুরুতর আহত হন।

আশপাশের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সজিবের অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেয়ার পথে সজিব মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘শুনেছি ঢাকা নেয়ার পথে সজিব মারা গেছেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’