অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদ এবং বিলের সঠিক হিসাব নিশ্চিত করার দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ক্ষুব্ধ গ্রাহকরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উল্লাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর প্রধান গেটের সামনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত ভুক্তভোগী গ্রাহক জড়ো হন। পরে সেখানে তারা বিদ্যুৎ বিল সংশোধনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ জানান।
বিক্ষোভে অংশ নেয়া গ্রাহকদের অভিযোগ, সাম্প্রতিক কয়েক মাসে ব্যবহারকারীদের মিটারে স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক ও অযৌক্তিক বিল দেয়া হয়েছে। স্বাভাবিক ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিল দেখে হতবাক ও হতাশ তারা।
অনেক গ্রাহক জানান, এ বিষয়ে প্রতিকার চেয়ে অফিসে একাধিকবার যোগাযোগ করা হলেও কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি বা ইতিবাচক সমাধান দেয়নি।
বিক্ষোভে অংশ নেয়া একাধিক ভুক্তভোগী বলেন, ‘আমরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছি। তবে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দুই থেকে তিন গুণ বেশি বিল পাঠানো হয়েছে, যা মেটানো আমাদের পক্ষে অসম্ভব। অবিলম্বে এসব ভৌতিক বিল যাচাই-বাছাই করে সংশোধনের দাবি জানাচ্ছি।’
বিষয়টি স্বীকার করে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো: নুরুল হুদা জানান, কয়েকজন মিটার রিডারের গাফিলতি ও ভুল রিডিংয়ের কারণেই কিছু গ্রাহকের বিলে এ গরমিল তৈরি হয়েছিল।
তিনি বলেন, ‘বিষয়টি জানার পরই আমরা সংশ্লিষ্ট মিটার রিডারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছি। গ্রাহকদের অতিরিক্ত বিল দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দেয়া হবে।’



