ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজারসংলগ্ন হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বাগড়া–কুমিল্লাগামী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো: রাসেল (২৯) ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের সিংহারচড়া (হাজী বাড়ি) এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো: আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় রাসেলের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশের দাবি, এ ঘটনায় আরো কয়েকজন জড়িত থাকলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার হওয়া গাঁজা ও জব্দকৃত সিএনজি অটোরিকশা থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’



