মুন্সীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার
আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকালে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন মো: কিরন শেখ (৩১) ও মো: মামুন (৩৪)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলমের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) রিজাউল কাজীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম এ অভিযান চালায়।

সম্প্রতি পদ্মা সেতু উত্তর থানায় করা একটি মামলার তদন্তের সূত্র ধরে মঙ্গলবার রাতে টঙ্গীবাড়ী থানাধীন উত্তর বেতকা এলাকার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দু’জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে একটি চোরাই পুরোনো নীল রঙের সুজুকি জিক্সার এসএফ ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দু’জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের বিরুদ্ধে এর আগেও একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।