শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল কারিগর : হাসনাত আবদুল্লাহ

বক্তারা শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে দেশ সেবায় আত্ম‌নি‌য়ো‌গের আহ্বান জানান।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Debidwar
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ |নয়া দিগন্ত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আজকের এই তরুণ ও মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার মূল কারিগর। কেবল ভালো ফল করলেই চলবে না, বরং নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।’

শনিবার (২৯ আগস্ট) দুপুরে মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক সালমা জামান প‌পি ও মো: শাহী‌নের সঞ্চালনায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মাসুদের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কু‌মিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আহসান পারভেজ, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো: জাহাঙ্গীর এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: শাহীন।

বক্তারা শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে দেশ সেবায় আত্ম‌নি‌য়ো‌গের আহ্বান জানান।

এ সময় বিদ‌্যাল‌য়ের কৃ‌তি শিক্ষার্থী‌দের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন জাকিয়া সুলতানা ইভা, আয়েশা আক্তার, অধ‌্যাপক জেস‌মিন পার‌ভিন সীমা, ডা: উম্মে ফা‌তেমা ফা‌হিমা, জিমইয়া মিম, কাজী সাফরিন জোহা, ফারিয়া আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, ২০২৫ সা‌লের জুনিয়র বৃত্তি প্রাপ্ত ও বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তুলে দেন।