ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে দুই হাজার ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে মৌসুমি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে কৃষকদের উৎপাদন খরচ কিছুটা কমবে। পাশাপাশি মৌসুমি ফসল উৎপাদনে কৃষকরা আরো উৎসাহিত হবেন।’
তিনি বলেন, ‘কৃষকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের বিভিন্ন সহায়তা অব্যাহত রয়েছে। কৃষকরা যাতে স্বল্প খরচে অধিক উৎপাদন করতে পারেন, সে লক্ষ্যে সরকারি প্রণোদনা কার্যক্রম আরো কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।’
উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন জানান ২০২৫ থেকে ২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শাকসবজির প্রনোদনার ইউনিয়নওয়ারী।
প্রতিজন কৃষকের উপকরন সহায়তা হয়েছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ, লাউ (হাইব্রিড), চালকুমড়া (হাইব্রিড), পুইশাক (উফশী) বেগুন (হাইব্রিড) শসা (হাইব্রিড), মিষ্টিকুমড়া (হাইব্রিড) এ ছাড়া কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় লেবু চারা ও পেঁয়াজ (জল) বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুমসহ কৃষি অফিসের বিভিন্ন কৃষি সহকারী কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা।



