রাঙ্গামাটির লংগদু উপজেলার সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া ও অসচ্ছল পরিবারগুলোর জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলতে নানা ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সম্প্রতি বিজিবির উদ্যোগে উপজেলার শ্রীনগর, শুকনাছড়ি ও দোকানঘাট এলাকার বিভিন্ন অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, ব্যাটারি, লাইট, ফ্যান, সেলাই মেশিন, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আলো ও বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকার ছয়টি হতদরিদ্র পরিবারকে সোলার প্যানেল, ব্যাটারি, লাইট ও ফ্যান প্রদান করা হয়। পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তিনটি অসচ্ছল পরিবারকে সেলাই মেশিন দেয়া হয়।
এছাড়া শিক্ষার প্রসারে শ্রীনগর, শুকনাছড়ি ও দোকানঘাট এলাকার একটি স্থানীয় লাইব্রেরির উন্নয়নের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করে বিজিবি। একইসাথে আর্থিক সঙ্কটে কলেজে ভর্তি হতে না পারা এক শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব গ্রহণ করে তার হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।
মানবিক সহায়তার অংশ হিসেবে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তিকে নতুন ঘর নির্মাণের জন্য দুই বান ঢেউটিন প্রদান করা হয়।
বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে অভিভাবকের ভূমিকা পালন করছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করতে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



