বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসিরুদ্দীন পাটওয়ারী

‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন কেন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনো মেনে নিবে না।’

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Matlab Uttar
বক্তব্য রাখছেন নাসিরুদ্দীন পাটওয়ারী, (ডানে) শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
বক্তব্য রাখছেন নাসিরুদ্দীন পাটওয়ারী, (ডানে) শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান |নয়া দিগন্ত

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।’

শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে ঈদ পুনর্মিলনী ও এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনী, এরাই কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীদের খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছিল, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল।’

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন কেন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনো মেনে নিবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্প দিনেই জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে।’

এনসিপির মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপির চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নাসিরুদ্দীন পাটওয়ারীর এই অনুষ্ঠানটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের আগের দিন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান ঘটনাস্থলে এসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানে পাঁচ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।