চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক আয়াতুল্লাহ খোমেনীকে অস্ত্রসহ আটকের ঘটনায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে দুটি দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস শুক্কুরের ছেলে আয়াতুল্লাহ খোমেনী (২৮) রয়েছেন।
ঘটনার পর কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিনের নির্দেশনায় তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, আয়াতুল্লাহ খোমেনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় দখলদারিত্ব, কিশোর গ্যাং পরিচালনা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া কিছুদিন আগে বদরখালী বাজারে একটি ফার্মেসিতে ভাঙচুরের ঘটনায় চকরিয়া থানায় দায়ের হওয়া একটি মামলাতেও তিনি আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে তার বা তার আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।



