কুড়িগ্রামের রৌমারীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রৌমারীর ইউএনও মো: মাহাবুবুল হাসান। সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
একই সাথে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান, রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুস ছামাদ, রৌমারী থানার ওসি মো: কাউসার আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করার উদ্যোগ নেয়া হয়েছে। আলোচনা শেষে রৌমারী উপজেলা চত্তরে সম্মিলিত পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়।



