বিশিষ্ট আলেম মুফতি আলী হাসান ওসামা বলেছেন, ‘ব্যক্তি এবং দলের চেয়ে ইসলামকে বড় করে দেখতে হবে। নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি বাদ দিয়ে দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটি আল্লাহর রাসুলের (সা.) শিক্ষা।’
টাঙ্গাইলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা এবং সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখা বুধবার (২৬ আগস্ট) বিকেলে টাঙ্গাইল নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এ মাহফিলের আয়োজন করে।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ওলামা বিভাগের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।
মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমির আহছান হাবিব মাসুদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, হুসনে মোবারক বাবুল প্রমুখ।
মাহফিল পরিচালনা করেন ইকবাল হোসাইন বাদল।



