লৌহজংয়ে মার্কেটে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

সংবাদ পাওয়ার পর লৌহজং ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
ফায়ার সার্ভিসের তৎপরতা
ফায়ার সার্ভিসের তৎপরতা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় একই ভবনে থাকা হাসপাতাল, ব্যাংক ও আশপাশের বহু দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

রোববার (৯ আগস্ট) সকালের উপজেলার মালির অংক বাজারে এই আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র এক ঘণ্টার মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনায় বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে একই ভবনে থাকা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, একটি ব্যাংক, একটি হাসপাতালসহ বেশ কয়েকজন রোগী ও তিনতলায় থাকা আবাসিকের লোকজন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, সকাল ৬টার দিকে লৌহজং ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, লৌহজং উপজেলার মালির অংক বাজারে একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়ার পর লৌহজং ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ভবনের নিচতলায় আমির হোসেন বস্ত্রালয়ের কাপড় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।