চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে ২৯২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ২০২৫-২০২৬ অর্থবছরের এককালীন শিক্ষাবৃত্তি হিসেবে মোট ১৮ লাখ ২৬ হাজার টাকা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকার চেক তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতেই জেলা পরিষদ নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম সাইফুর রশীদ ও বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফ।
অধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশীদ বলেন, শিক্ষায় বিনিয়োগই সবচেয়ে বড় বিনিয়োগ। আজ যারা শিক্ষাবৃত্তি পাচ্ছে, তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. মুন্সি আবু সাইফ বলেন, মেধাবী শিক্ষার্থীরাই জাতির কর্ণধার। এ বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনার খরচ জোগানোর পাশাপাশি শিক্ষা জীবনে উৎসাহ দেবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী আরাফাত ইসলাম, নাজিফা আনজুম মুনিয়া, বিপ্লব হোসেন ও অভিভাবক টোকন আলী।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট সাত লাখ ৫০ হাজার টাকা, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০৪ জন শিক্ষার্থীকে সাত হাজার টাকা করে মোট সাত লাখ ২৮ হাজার টাকা, মেডিক্যাল কলেজের ২২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট দুই লাখ ২০ হাজার টাকা এবং প্রকৌশল বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে আট হাজার টাকা করে মোট এক লাখ ২৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।



