বৃহস্পতিবার জামালপুরে আসছেন সারজিস-পাটওয়ারী

প্রথমে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে এনসিপির দুই নেতা।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
জামালপুরে এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন
জামালপুরে এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জুলাই) জামালপুরে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বুধবার (২২ জুলাই) জামালপুর শহরের বানাকুড়া এলাকায় এনসিপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা এনসিপির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল (বৃহস্পতিবার) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী জামালপুর শহরের পদযাত্রা ও সমাবেশ উপস্থিত থাকবেন। পদযাত্রা ও সমাবেশে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন জেলা এনসিপির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা সফর করছেন দলের কেন্দ্রীয় নেতারা। তারই ধারাবাহিকতায় জামালপুরে কর্মসূচিতে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী অংশগ্রহণ করবেন।

প্রথমে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে এনসিপির দুই নেতা। পরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে ফৌজদারি পর্যন্ত পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখবেন দুই নেতা।

সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা জানান, জেলার সাত উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশে অংশ নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। পদযাত্রা ও সমাবেশ ঘিরে সাংগঠনিক কার্যক্রমও জোরদার করা হয়েছে। সমাবেশে কেন্দ্র থেকে এনসিপির ২০ জনের একটি টিম আসবে। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামালপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও এনসিপি নেতা অ্যাডভোকেট আবু সাঈদ মো: শামীম।

এ সময় এনসিপি নেতা শামীম বলেন, ‘জুলাই গণআন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলে ধরা এবং কর্মসংস্থান, সুশাসন ও নাগরিক অধিকার নিয়ে জনমত গড়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।’

এ সময় জেলা এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।