রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে হেনস্তায় মামলা, গ্রেফতার ৩

নারী উদ্যোক্তা জাকিয়া সদর থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
গ্রেফতাররা অভিযুক্তরা
গ্রেফতাররা অভিযুক্তরা |নয়া দিগন্ত

রাজবাড়ীতে এক নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে হেনস্তার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।

এর আগে সোমবার রাতে নারী উদ্যোক্তা জাকিয়া নয়জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেন।

গ্রেফতাররা হলেন, রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি এলাকায় মরহুম জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম (১৯), ২৮ কোলোনি এলাকার দেলোয়ার শেখের ছেলে রুবেল হোসেন (১৯) ও আব্দুল জলিলের ছেলে হেলাল উদ্দীন (৩৮)।

জাকিয়া বলেন, ‘আমার ওপর বর্বরোচিত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ হিসেবে থানায় মামলা করেছি। আমি আশা করছি প্রশাসন আমাকে সঠিক বিচার এনে দেবে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘নারী উদ্যোক্তা জাকিয়া সদর থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, গত ২৯ আগস্ট বেলা ১১টার দিকে রাজবাড়ী পৌর শহরের কাপড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা প্রতিবাদ সমাবেশ করলে গেলে পুলিশের উপস্থিতিতে হামলার শিকার হয়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা জন্ম হয়।